আশুলিয়ায় ৫৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

আলমাস হোসাইন:

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলকাছ (৩৬) নামের এক পেশাদার মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার বুড়িপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের প্রস্তুতিকালে মো. আলকাছকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক আলকাছ টাঙ্গাইল জেলার মধুপুর থানার কুড়াগাছা এলাকার মৃত তোরাব উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ আরও জানায়, আটক আসামির বিরুদ্ধে পূর্বেও মাদক সংশ্লিষ্ট একটি মামলা রয়েছে। তার সিডিএমএস (ক্রিমিনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনা করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম বলেন,
“আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তাকে আজ দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া আশুলিয়াসহ পুরো ঢাকা জেলা উত্তরে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *