সাভার (আশুলিয়া) প্রতিনিধি:
আশুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করে অপপ্রচার ও মানহানির চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এ বিষয়ে গণমাধ্যমের কাছে নিজের অবস্থান পরিষ্কার করে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নামে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও বিভ্রান্ত করার জন্যই এ অপচেষ্টা চালানো হচ্ছে।”
জাহাঙ্গীর আলমের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বড় ভাই ২০০১ সাল থেকে এবং মেজো ভাই ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসে রয়েছেন। দীর্ঘদিন ধরে তাঁরা সেখানে উপার্জন করে আসছেন।
জাহাঙ্গীরের দাবি, তাঁর দুই ভাইয়ের দীর্ঘদিনের প্রবাসী উপার্জনের অর্থ দিয়েই ২০২০ সালে পরিবারের সদস্যদের নামে জমি কেনা হয়েছে। অথচ কয়েকটি অনলাইন পোর্টালে ওই সম্পত্তিকে ইউনিয়ন পরিষদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
একাধিক প্লটের দাবি, বাস্তবে রয়েছে ৪.৮৪ শতাংশের একটি জমি
প্রকাশিত কয়েকটি সংবাদে জাহাঙ্গীর আলমের মা ও বোনের নামে একাধিক প্লট থাকার কথা উল্লেখ করা হয়েছে। তবে জাহাঙ্গীরের বক্তব্য অনুযায়ী, তাঁদের নামে একাধিক প্লট নেই। রয়েছে মাত্র ৪.৮৪ শতাংশের একটি জমি, যার ওপর বাড়ি নির্মাণ করা হয়েছে। একাধিক প্লটের মালিকানার তথ্য প্রকাশের মাধ্যমে প্রকৃত সম্পত্তির বিবরণ ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ তাঁর।
জাহাঙ্গীরের দাবি, জমিটি তাঁর দুই প্রবাসী ভাইয়ের উপার্জিত অর্থে ২০২০ সালে কেনা হয়েছে। তাঁর প্রশ্ন, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই পারিবারিক সম্পত্তিকে ইউনিয়ন পরিষদের দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ হিসেবে প্রচার করা কতটা যৌক্তিক?
তিনি আরও দাবি করেন, তাঁর পরিবারের সম্পত্তির বিষয়ে কোনো বিভ্রান্তি থাকলে প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করা উচিত। ব্যক্তিগত বা পারিবারিক সম্পত্তি নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে কাউকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা কাম্য নয়।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ ও কনটেন্ট প্রকাশের আহ্বান জানিয়েছেন।