আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা নিয়ে ইসরায়েলকে সরাসরি কোনো তথ্য বা অগ্রগতির আপডেট দিচ্ছে না যুক্তরাষ্ট্র। ফলে আলোচনার বেশিরভাগ তথ্য তেল আবিবকে বিভিন্ন পরোক্ষ সূত্র থেকে সংগ্রহ করতে হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের চ্যানেল ১২।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে ঘিরে ওয়াশিংটনের কূটনৈতিক তৎপরতা নিয়ে ইসরায়েলের নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগ ও সন্দেহ বাড়ছে। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে নিশ্চিত হওয়া কঠিন।
ওই কর্মকর্তা মন্তব্য করেন, “ট্রাম্পের অধীনে শান্তি ও যুদ্ধের মধ্যকার দূরত্ব কেবল কিবোর্ডের ‘T’, ‘R’ ও ‘U’ অক্ষরের মধ্যকার দূরত্বের মতোই সামান্য।” তার এ বক্তব্যে ট্রাম্পের নীতির দ্রুত পরিবর্তনশীল অবস্থানের ইঙ্গিত দেওয়া হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার অগ্রগতি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন। তবে এ পরিস্থিতিকে ঘিরে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই