ইরানের দাবি বন্দর আব্বাসের আকাশে মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের আকাশে যুক্তরাষ্ট্রের একটি ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

ইরানের সেনাবাহিনীর এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় পরিচালিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে লক্ষ্য করে আঘাত হানে। এতে ড্রোনটি ধ্বংস হয় বলে দাবি করা হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি দাবি করেন, ইরানের ‘শাহেদ-১৩৬’ চালকবিহীন আকাশযানের অনুকরণে যুক্তরাষ্ট্র ‘লুকাস’ ড্রোন তৈরি করেছে এবং সেটি নিজেদের সামরিক অস্ত্রভান্ডারে যুক্ত করেছে।

মুসাভি ইরানের বিভিন্ন ধরনের ‘শাহেদ’ শ্রেণির ড্রোনের সক্ষমতার কথা তুলে ধরেন। তাঁর ভাষ্য, এসব ড্রোন যুদ্ধ পরিচালনা, নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। জাতীয় প্রতিরক্ষায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোনকে গুরুত্বপূর্ণ সম্পদ বলেও উল্লেখ করেন তিনি।

ইরানি এই সামরিক কর্মকর্তা আরও দাবি করেন, ‘সত্য-ওয়াদা’ বা ‘অপারেশন ট্রু প্রমিজ-১’ অভিযানে দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন ব্যবহারের ক্ষেত্রে রেকর্ড গড়া হয়েছিল। ওই অভিযানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ইউনিট এসব ড্রোন পরিচালনা করে।

তবে মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে ইরানের দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *