ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইসরাইলের জন্য বাধ্যতামূলক নয়: বেন গাভির

স্বাধীন আন্তর্জাতিক ডেস্ক: 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া সমঝোতা চুক্তির তীব্র সমালোচনা করেছেন ইসরাইলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির। একই সঙ্গে তিনি দাবি করেছেন, এই চুক্তি ইসরাইলের জন্য কোনোভাবেই বাধ্যতামূলক নয় এবং এটি দেশটির নিরাপত্তা নিশ্চিত করে না।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বেন গাভির এ মন্তব্য করেন। চুক্তি ঘোষণার পর এটিই কোনো ইসরাইলি কর্মকর্তার প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হিসেবে সামনে এসেছে।

বেন গাভির বলেন, “ট্রাম্পের এই চুক্তি আমাদের জন্য বাধ্যতামূলক নয়। আমরা এই চুক্তির পক্ষ নই। এটি আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না।”

তিনি আরও বলেন, “হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া ছাড়া আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারি না। আমাদের সেনারা যে ভূখণ্ড দখল করেছে এবং সন্ত্রাসী অবকাঠামো থেকে মুক্ত করেছে, সেখান থেকে এক ইঞ্চিও পিছু হটা উচিত নয়।”

বিশ্লেষকদের মতে, বেন গাভিরের এই বক্তব্য থেকে স্পষ্ট যে তিনি লেবাননে ইসরাইলের সামরিক অভিযান আরও জোরদার করার পক্ষেই অবস্থান নিয়েছেন এবং চলমান নিরাপত্তা নীতিতে কঠোর অবস্থান বজায় রাখতে চান।

এর আগে রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা ঘোষণা দেন, দুই দেশ যুদ্ধের অবসান, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে চুক্তির ঘোষণা দিয়ে লেখেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন হয়েছে।”

এর কিছুক্ষণ আগে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও জানান, স্থানীয় সময় সোমবার ভোরে একটি সমঝোতা অর্জিত হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ঘিরে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি হতে পারে বলে ধারণা করা হলেও, ইসরাইলের ভেতর থেকেই এর বিরুদ্ধে প্রকাশ্য আপত্তি উঠে আসায় ভবিষ্যতে আঞ্চলিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে আন্তর্জাতিক মহলের নজর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *