মোহাম্মদ হোসেন হ্যাপী:
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জে কোরবানির পশুর হাট, বাজার ও ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
রোববার (২৪ মে) নারায়ণগঞ্জ সদর মডেল থানা পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সদর মডেল থানার অফিসার ইনচার্জের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ঈদকে সামনে রেখে কোরবানির পশুর হাট, ব্যাংক, বিপণিবিতান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। একই সঙ্গে যারা ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাবেন তাদের ফাঁকা বসতবাড়ির নিরাপত্তায় পুলিশি টহল বাড়াতে হবে।
তিনি আরও বলেন, চুরি, ছিনতাই, মলম পার্টি ও অজ্ঞান পার্টির দৌরাত্ম্য রোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। পাশাপাশি সড়ক-মহাসড়কে যানজট নিরসন ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
জেলা প্রশাসক জানান, জাল টাকা শনাক্তে পশুর হাটগুলোতে বিশেষ বুথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
তিনি বলেন, কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানি বরদাশত করা হবে না। মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এবং নিরাপদে ঈদের আনন্দ উপভোগ করতে পারে—এটাই প্রশাসনের প্রধান লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।