মনজুর আলম:
কক্সবাজার জেলার অন্তর্গত ঈদগাঁও উপজেলায় ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে এনাম প্লাস ও বৈঠক বাজার নামে দুটি কাপড়ের দোকানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাজারে দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দেশীয় কাপড়কে বিদেশি কাপড় বলে ক্রেতাদের কাছে বিক্রি করার অভিযোগে বিভিন্ন কাপড়ের দোকানকে মোট ৩৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম। এ সময় ঈদগাঁও থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
এই অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ক্রেতারা। তারা বলেন, এ ধরনের অভিযান যেন নিয়মিতভাবে পরিচালনা করা হয়। স্থানীয়দের দাবি, এর আগে ঈদগাঁও উপজেলায় এমন অভিযান খুব একটা দেখা যায়নি।
বাজারে আসা সাধারণ মানুষ অভিযোগ করে বলেন, কাপড়ের দোকানিরা প্রায়ই দেশীয় কাপড়কে বিদেশি বলে চালিয়ে দিয়ে অতিরিক্ত দাম আদায় করেন। সাধারণ ক্রেতাদের পক্ষে দেশীয় ও বিদেশি কাপড়ের পার্থক্য বোঝা কঠিন হওয়ায় তারা সহজেই প্রতারণার শিকার হন। শুধু এই দুটি দোকান নয়, আরও অনেক দোকান রয়েছে যারা একই অনিয়মের সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন তারা।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।