ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাদকসেবীকে সাজা দেওয়া হয়েছে। ৫/৯/২০২৬ তারিখে ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা কর্তৃক ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মেহেরঘোনা, ৪ নম্বর ওয়ার্ডের জাবেরের টমটম গ্যারেজে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় চোলাই মদ, গাঁজা এবং ইয়াবা সেবনের সরঞ্জামসহ দুজনকে আটক করে সাজা দেওয়া হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মো. জুয়েল রানা (৪২) ও মো. জাহেদ (১৯)। আসামিদ্বয়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মো. জুয়েল রানাকে ১৫ (পনেরো) দিন এবং মো. জাহেদকে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ৩০০×২=৬০০ টাকা অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়।
স্থানীয় ইউপি সদস্য জনাব গিয়াস উদ্দীন ও ঈদগাঁও ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর আলম উক্ত অভিযানে পুলিশ সদস্যদের সঙ্গে থেকে সহযোগিতা করেন। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদা ও পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার সদস্যদের একটি চৌকস দলও অভিযানে সহযোগিতা করে। ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা বলেন, উপজেলাবাসীর স্বার্থে ও মাদকদ্রব্য নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে। তিনি ঈদগাঁও উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।