ঈদের আগে বেতনহীন ৭৫ শিক্ষক-কর্মচারী, প্রশাসনিক সংকটে সবুজ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টার:

রাজধানীর সবুজ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে প্রশাসনিক অচলাবস্থাকে কেন্দ্র করে চরম সংকট সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের কোনো বৈধ পরিচালনা কমিটি না থাকায় প্রায় ৭৫ জন শিক্ষক ও কর্মচারীর বেতন বন্ধ রয়েছে। সামনে ঈদুল আজহা ঘনিয়ে এলেও বেতন না পাওয়ায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ বি এম মিরাজুল ইসলাম গোপনে একটি অ্যাডহক কমিটি গঠনের উদ্যোগ নেন। তবে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের বাধার মুখে সেই উদ্যোগ ভেস্তে যায়। এর পর থেকে বিদ্যালয়ে কার্যত কোনো পরিচালনা কমিটি নেই, যার প্রভাব পড়েছে প্রশাসনিক কার্যক্রম ও বেতন ব্যবস্থাপনায়।

ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নানা অনিয়ম ও দায়িত্বহীনতার কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তারা দাবি করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের একক সিদ্ধান্ত ও দুর্বল প্রশাসনিক ব্যবস্থাপনার ফলেই আজ তাদের বেতন বন্ধ রয়েছে।

একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন নিয়ে তারা চরম দুশ্চিন্তায় আছেন। নিয়মিত বেতন না পাওয়ায় অনেকেই ধার-দেনা করে সংসার চালাতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় অভিভাবক ও সমাজকর্মীদের ভাষ্য, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন কমিটি না থাকা অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনসম্মত পরিচালনা কমিটি গঠনের দাবি জানান। একই সঙ্গে বিদ্যালয়ের সার্বিক প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে শিক্ষক-কর্মচারীরা শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বেতন চালুর দাবি জানিয়েছেন। পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

শিক্ষক ও কর্মচারীদের আশঙ্কা, দ্রুত সমাধান না এলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।