অনলাইন ডেস্ক: রাজশাহীর দুর্গাপুরে পরীক্ষা কেন্দ্রে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বাসায় দেখাশোনার মতো কেউ না থাকায় নিজের কয়েক বছরের শিশু সন্তানকে সাথে নিয়েই ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন এক নারী। তবে পরীক্ষা শুরুর ঠিক মুহূর্তে সন্তানকে কোথায় রাখবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তা ও হতাশায় পড়েন তিনি।
বিষয়টি নজরে আসতেই তাৎক্ষণিকভাবে এগিয়ে যান দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। মানবিক দিক বিবেচনা করে তিনি নিজ থেকেই শিশুটিকে কোলে তুলে নেন। পরীক্ষা চলাকালীন পুরোটা সময় পরম আদরে শিশুটিকে আগলে রাখেন তিনি, যাতে ওই পরীক্ষার্থী মা কোনো মানসিক চাপ ছাড়াই নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারেন।
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রে ইউএনওর এমন ব্যতিক্রমী ও স্পর্শকাতর উদ্যোগ দেখে সেখানে উপস্থিত অন্যান্য পরীক্ষার্থী ও অভিভাবকরা ভূয়সী প্রশংসা করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি এমন মানবিকতাই একজন আদর্শ কর্মকর্তার প্রকৃত পরিচয়।
ঘটনার বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, “পরীক্ষার্থীরা যেন কোনো ধরনের প্রতিবন্ধকতার কারণে পরীক্ষা থেকে বঞ্চিত না হন, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। একজন মা যদি কেবল সন্তানের পরিচর্যার অভাবে পরীক্ষা দিতে না পারেন, তবে সেটা আমাদের সবার জন্যই অত্যন্ত কষ্টের। সেই চিন্তা থেকেই এই ক্ষুদ্র চেষ্টা করা।”