ফতুল্লায় ২০ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০ বোতল এসকাফসহ যুবরাজ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

২৪ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে ফতুল্লা থানাধীন দাপা এলাকার বালুর মাঠসংলগ্ন পঞ্চবটি থেকে পাগলাগামী পাকা সড়কে অভিযান চালায় পুলিশের একটি চৌকস আভিযানিক দল। এসআই (নিরস্ত্র) শুভংকর বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে যুবরাজকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ (বিশ) বোতল এসকাফ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবরাজ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উত্তর খয়রাকুড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল হামিদ ড্রাইভার। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর যুবরাজের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *