Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
উজবেকিস্তানে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল, বাফুফের নীরবতায় প্রশ্ন - দৈনিক স্বাধীন সংবাদ

উজবেকিস্তানে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল, বাফুফের নীরবতায় প্রশ্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক:

এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাইপর্ব খেলতে উজবেকিস্তানে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। গত ২৭ আগস্ট রাতে দুই ফ্লাইটে দেশ ছাড়ে দলটি। পরদিন উজবেকিস্তানের স্থানীয় সময় দুপুর ও সন্ধ্যায় বাংলাদেশ দলের সদস্যরা তাসখন্দে পৌঁছালেও দীর্ঘ সময় এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিদেশ সফরে কোনো দল গন্তব্যে পৌঁছানোর পর দলের অবস্থান, যাত্রা ও পরবর্তী কর্মসূচি নিয়ে গণমাধ্যমকে অবহিত করা নিয়মিত পেশাদার প্রক্রিয়ার অংশ। কিন্তু উজবেকিস্তানে পৌঁছানোর প্রায় ২০ ঘণ্টা পরও বাফুফের পক্ষ থেকে অনূর্ধ্ব-২০ দল নিয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি।

সিনিয়র পুরুষ ও নারী দলের মতো অনূর্ধ্ব-২০ দলের সঙ্গেও মিডিয়া কার্যক্রমের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন। দলের মিডিয়া ম্যানেজারের পাশাপাশি সহকারী ম্যানেজারও দায়িত্বে রয়েছেন। এ ছাড়া দেশে বাফুফের মিডিয়া বিভাগের স্থায়ী কর্মকর্তারাও কাজ করছেন। তারপরও দলের উজবেকিস্তান যাত্রা ও সেখানে পৌঁছানোর বিষয়ে সাংবাদিকদের কাছে সময়মতো তথ্য বা ছবি পৌঁছায়নি।

সাধারণত দলের ম্যানেজারের দায়িত্বের মধ্যে খেলোয়াড় ও কোচিং স্টাফদের সফরসংক্রান্ত বিষয় তদারকির পাশাপাশি দল নিরাপদে গন্তব্যে পৌঁছানোর তথ্য সংশ্লিষ্টদের জানানোও থাকে। কিন্তু এবার দীর্ঘ সময় ধরে অনূর্ধ্ব-২০ দল নিয়ে বাফুফের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি বাফুফের সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরুতে দলের যাত্রা বা তাসখন্দে পৌঁছানোর কোনো ছবি কিংবা ভিডিও প্রকাশ করা হয়নি।

এর মধ্যে অনূর্ধ্ব-২০ দলের কোচিং স্টাফ নিয়েও আলোচনা রয়েছে। প্রধান কোচ ব্রিটিশ নাগরিক জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে দূরত্ব ও মতবিরোধের বিষয়টি সম্প্রতি আলোচনায় এসেছে। দুজন দুই ফ্লাইটে উজবেকিস্তান গেছেন। যদিও দেশ ছাড়ার আগে দলের ম্যানেজার জানিয়েছিলেন, কোচদের মধ্যকার বিষয়টি মিটে গেছে এবং সবাই টুর্নামেন্টে ভালো করার জন্য প্রস্তুত।

উজবেকিস্তানে অবস্থানরত টুর্নামেন্ট কাভার করতে যাওয়া এক সাংবাদিকের মাধ্যমে জানা গেছে, যাত্রাপথে ফ্লাইট বিলম্ব ও ইমিগ্রেশন সার্ভারের সমস্যার কারণে তাসখন্দ বিমানবন্দরে বাংলাদেশ দলের সদস্যদের কিছু সময় অপেক্ষা করতে হয়েছে।

আজ উজবেকিস্তান স্থানীয় সময় সন্ধ্যায় বাংলাদেশ দলের অনুশীলন রয়েছে। আগামীকাল অনুষ্ঠিত হবে দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।

তবে প্রতিবেদন প্রকাশের পর অবশেষে বাফুফের সামাজিক যোগাযোগমাধ্যমে উজবেকিস্তানে অবস্থানরত বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ছবি দিয়ে একটি পোস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *