উত্তরায় ‘দে লাড়া’ কিশোর গ্যাং গ্রুপের মূলহোতা পিচ্চি সানি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

রাজধানীর উত্তরায় আলোচিত ‘দে লাড়া’ কিশোর গ্যাং গ্রুপের মূলহোতা ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব হাসান সানি ওরফে পিচ্চি সানিকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদক কারবার, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজধানীর একাধিক থানায় অন্তত সাতটি মামলার তথ্য রয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, রাতে উত্তরা পশ্চিম থানাধীন বিএনএস সেন্টার এলাকায় অভিযান চালিয়ে একটি গোপন আস্তানা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর গ্রুপের অন্যান্য সদস্য পালিয়ে গেলেও পুলিশ সানিকে আটক করতে সক্ষম হয়।

গ্রেপ্তার পিচ্চি সানি ঢাকা মহানগর উত্তরের উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক। এর আগে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করেছিল র‍্যাব-১। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে উত্তরার বিভিন্ন এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধ হামলায় পিচ্চি সানির সরাসরি সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। সে সময় আন্দোলন দমনে স্থানীয় কিশোর গ্যাং সদস্যদের সংগঠিত করে লাঠিসোঁটা হাতে সানিকে শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নিতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, উত্তরাজুড়ে বিস্তৃত কিশোর গ্যাং নেটওয়ার্কের আড়ালে পিচ্চি সানি সরকারবিরোধী নাশকতার পরিকল্পনায় যুক্ত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। তিনি ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য খসরু চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) নূর মোহাম্মদের অন্যতম সহযোগী বলেও জানা গেছে।

এ ছাড়া পিচ্চি সানি স্থানীয়ভাবে আলোচিত ‘দে লাড়া’ গ্রুপের মাধ্যমে মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত বলে অভিযোগ রয়েছে। উত্তরার বিভিন্ন সেক্টর ছাড়াও উত্তরখান, দক্ষিণখান ও টঙ্গীর বিভিন্ন এলাকায় গ্রুপটির তৎপরতা রয়েছে। বিশেষ করে উত্তরা ৮ নম্বর সেক্টর থেকে টঙ্গী রেলস্টেশন পর্যন্ত রেলপথসংলগ্ন এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে গ্রুপটির সম্পৃক্ততার তথ্য একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

পুলিশ সূত্র জানায়, চলতি বছরের ৩০ আগস্ট চার সহযোগীসহ উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সানি। ওই সময় তাঁর কাছ থেকে নগদ ১০ লাখ টাকা ও একটি হোন্ডা সিভিক গাড়ি উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নথি অনুযায়ী, পিচ্চি সানির বিরুদ্ধে দক্ষিণখান থানায় চারটি, উত্তরা পূর্ব থানায় একটি এবং উত্তরা পশ্চিম থানায় দুটি মামলার তথ্য রয়েছে। ২০১৮ থেকে ২০২৬ সালের বিভিন্ন সময়ে এসব মামলা দায়ের করা হয়।

এদিকে, পিচ্চি সানিকে সর্বশেষ গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর প্রতিবেদককে বলেন, কিশোর গ্যাং নেতা পিচ্চি সানিকে গতকাল রাতে উত্তরার বিএনএস সেন্টার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উত্তরায় কিশোর গ্যাং দমনে পুলিশ সব সময় তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *