Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
এক দশক পর দেব-শুভশ্রী ফের এক ফ্রেমে, আবেগঘন চিঠিতে নায়ক বললেন ‘চিরকৃতজ্ঞ’ - দৈনিক স্বাধীন সংবাদ

এক দশক পর দেব-শুভশ্রী ফের এক ফ্রেমে, আবেগঘন চিঠিতে নায়ক বললেন ‘চিরকৃতজ্ঞ’

বিনোদন ডেস্ক:

টলিউডে একসময় জনপ্রিয় জুটি হিসেবে দর্শকের ভালোবাসা পেয়েছেন দেব ও শুভশ্রী গাঙ্গুলী। দীর্ঘ সময় পর ব্যক্তিগত জীবনের নানা পরিবর্তন ও ব্যস্ততার পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন তারা। নতুন সিনেমা ‘দেশু ৭’-এর মাধ্যমে এই জনপ্রিয় জুটিকে ফের একসঙ্গে দেখা যাবে। সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এরপর দেবকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন খোলা চিঠি লেখেন শুভশ্রী। তার সেই চিঠির জবাব দিয়েছেন দেবও। নায়ক ও পরিচালকের সেই ফিরতি চিঠি ঘিরে এরই মধ্যে টলিপাড়ায় শুরু হয়েছে আলোচনা। চিঠিতে শুভশ্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেব লেখেন, ‘প্রিয় শুভ, ‘দেশু ৭’-এর অংশ হওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।’ তিনি জানান, জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে প্রথমবার চলচ্চিত্র পরিচালনায় আসার সময় তার চারপাশে ছিল নানা অনিশ্চয়তা। এমনকি দুর্গাপূজার মতো বড় উৎসবে সিনেমাটি মুক্তির অনুমতি পাওয়া নিয়েও জটিলতা তৈরি হয়েছিল। সেই কঠিন সময়ে শুভশ্রী তার পাশে দাঁড়িয়েছিলেন বলে উল্লেখ করেন দেব। তিনি বলেন, সিনেমার চিত্রনাট্য, নাম কিংবা শেষ পর্যন্ত ছবিটি কী রূপ নেবে—এসব কিছু না জেনেই শুভশ্রী ‘দেশু ৭’-এ অভিনয়ের সম্মতি দিয়েছিলেন। শুভশ্রীর অভিনয় ও ব্যক্তিত্বের প্রশংসা করে দেব আরও লেখেন, ‘এই যাত্রায় তোমাকে নতুনভাবে দেখা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা।’ তার ভাষ্য, বহু বছর ধরে শুভশ্রীকে চেনার পরও এই সিনেমার কাজ তাকে নতুন করে উপলব্ধি করার সুযোগ দিয়েছে। অভিনেত্রী ও মানুষ হিসেবে শুভশ্রীর পরিপক্বতা, পেশাগত ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য এবং তার আত্মিক পরিবর্তনেরও প্রশংসা করেন দেব। দেব বলেন, একই সময়ে তাদের পথচলা শুরু হয়েছিল। দীর্ঘ সময় পর সেই পথচলাই আবার তাদের একটি সুন্দর অধ্যায়ে এক করেছে। তার কাছে এটি বিশেষ অনুভূতির বিষয়, কারণ ‘দেশু ৭’ তার পরিচালক হিসেবে প্রথম সিনেমা। চিঠিতে দেব আরও লেখেন, সিনেমাটির বাইরেও এই যাত্রায় শুভশ্রীর বিশ্বাস তার জন্য বিশেষ প্রাপ্তি। তার ভাষায়, ভিশন বা পরিকল্পনা জানার আগেই শুভশ্রী সেই স্বপ্নের ওপর আস্থা রেখেছেন—যা তাকে গভীরভাবে স্পর্শ করেছে। সবশেষে শুভশ্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেব বলেন, তার পাশে দাঁড়ানো, বিশ্বাস রাখা এবং এই যাত্রার অংশ হওয়ার জন্য তিনি চিরকৃতজ্ঞ থাকবেন। একই সঙ্গে দীর্ঘদিন পর আবারও দর্শকদের মাঝে তাদের জুটিকে ঘিরে যে ভালোবাসা ও আগ্রহ তৈরি হয়েছে, তার জন্যও শুভশ্রীকে ধন্যবাদ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *