আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান এ দাবি সরাসরি অস্বীকার করেছে। এ অবস্থায় ট্রাম্প সতর্ক করে বলেছেন, সমঝোতায় পৌঁছানোর জন্য ইরানের সামনে এটি ‘শেষ সুযোগ’; অন্যথায় দেশটিকে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ কয়েকটি দেশের অনুরোধে তিনি ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন। তার ভাষায়, আলোচনার মূল বিষয় হচ্ছে হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচির নিরস্ত্রীকরণ।
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না। তবে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমেও দাবি করেন, ইরান স্বীকার করুক বা না করুক, দুই দেশের মধ্যে সংকট সমাধানের বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।
এদিকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে। মঙ্গলবার ওমান উপকূলসংলগ্ন ওই প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা। একই সময়ে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে, তবে এখনই প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার সম্ভাবনা নেই।
পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করলেও তেহরান বরাবরের মতোই দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।