এমএস দুর্নীতির তদন্তে সাংবাদিককে হুমকি, জিডি দাখিল

স্টাফ রিপোর্টার:

সরকারি খাদ্য বিতরণ কর্মসূচি ওপেন মার্কেট সেলস (ওএমএস) এর ডিলারদের দুর্নীতি নিয়ে প্রতিবেদন তৈরির পর একজন সাংবাদিক ও তার পরিবারকে মারধর ও ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুর-১২ বঙ্গবন্ধু কলেজ সংলগ্নে ডি+৭ এই ঘটনা ঘটে। ভুক্তভোগী দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার কাওসার আহমেদ (পনির) এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ওএমএস ডিলারদের অনিয়ম সংক্রান্ত তথ্য সংগ্রহ করে ফেরার পথে সন্ধ্যা ৬টার দিকে একটি অজ্ঞাত মোবাইল নম্বর (০১৬৭৩৮৭০৩৬৪) থেকে তাকে হুমকি দেওয়া হয়। হুমকিদাতাদের মধ্যে জাকির ওরফে হোয়াইট জাকির (৪৫) ও মাজিদা খাতুন (৩৫) সহ আরও তিনজন ওএমএস ডিলার জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

সাংবাদিক কাওসার আহমেদ জানান, “ওএমএস ডিলারদের দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশের উদ্যোগ নেওয়ায় তারা আমাকে ও আমার পরিবারকে মারধর করার হুমকি দিয়েছেন। আমার ও পরিবারের নিরাপত্তার জন্য জিডি করতে বাধ্য হয়েছি।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি ওএমএস-এর কিছু অসাধু ডিলার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং ওজনে কম দেওয়াসহ নানা অনিয়মে জড়িত রয়েছেন। এসব অনিয়ম তুলে ধরতে গিয়েই সাংবাদিক হুমকির মুখে পড়েন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “বিষয়টি জিডিভুক্ত করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সাংবাদিক সংগঠনগুলো এই হুমকির ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *