কক্সবাজারে ইসলামী ফাউন্ডেশনের সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, মেধার পরিচর্যা এবং সুন্দর মনন গঠনে সাংস্কৃতিক প্রতিযোগিতা হতে পারে সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অন্যতম সোপান। এমন আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে জ্ঞান, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটে। প্রতিযোগিতার মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরে সাফল্যের স্বীকৃতি পেয়েছে কক্সবাজারের ৬০ শিক্ষার্থী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় কক্সবাজার ইসলামী ফাউন্ডেশনের মিলনায়তনে জেলা পর্যায়ের জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-২৭-এর সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মো. মাহবুবুর রহমান।

তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের দক্ষতা, মেধা ও মনন বিকাশে বিশেষ ভূমিকা রাখে। প্রতিটি শিশুর মধ্যেই কোনো না কোনো সুপ্ত প্রতিভা রয়েছে। প্রয়োজন সেই প্রতিভা বিকাশের উপযুক্ত পরিবেশ ও সুযোগ তৈরি করা। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

ইসলামী ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক সরওয়ার আকবর। স্বাগত বক্তব্য দেন ফিল্ড অফিসার মো. ফজল করিম।

অনুষ্ঠানে জানানো হয়, উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী তিন শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে জেলা পর্যায়ে প্রাণবন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাতটি ইভেন্টের ২০টি গ্রুপে প্রতিযোগিতা শেষে ৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তাদের এ সাফল্য পরবর্তী সময়ে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার নতুন সুযোগ তৈরি করেছে।

উত্তীর্ণ প্রতিযোগীরা এখন অপেক্ষায় বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার। সেখান থেকে জাতীয় পর্যায়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে প্রস্তুতি নেবে তারা। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার তারিখ ঘোষণা করা হলে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *