মোহাম্মদ হোসেন সুমন:
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ‘পালং স্পেশাল সার্ভিস’ নামের বাসটি জব্দ করা হয়। রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লিংক রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লিংক রোড এলাকায় উখিয়া-কক্সবাজার সদরগামী ‘পালং স্পেশাল সার্ভিস’ বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসের পেছনের সিটে বিশেষ কায়দায় রাখা ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাসের চালক আকতার হোসেন (২৩), রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বাসিন্দা এবং হেলপার ইয়াছিন আরাফাত (১৩), উখিয়ার টিএনটি কলেজ-আমগাছতলা এলাকার বাসিন্দাকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, আটক দুজনের দেখানো স্থান থেকেই ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।