মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:
‘ধর্ম যার যার, সম্প্রীতি সবার’—এই চেতনাকে ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে কক্সবাজারে। ধর্মীয় বিশ্বাস ও মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধন অটুট রেখে শান্তিপূর্ণ সমাজ গঠনে ধর্মীয় নেতাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।
‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত’ উল্লেখ করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. মহসীন মৃধা বলেন, আবহমানকাল থেকেই বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ এবং আন্তঃধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। ধর্মীয় নেতৃবৃন্দের ইতিবাচক মনোভাব ও প্রচারণার মাধ্যমেই সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতির শক্তিশালী সেতুবন্ধন গড়ে উঠেছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির উপপরিচালক সরওয়ার আকবর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফিল্ড অফিসার মোহাম্মদ ফজল করিম।
সভায় কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার প্রায় ১৫০ জন ইমাম ও খতিব অংশগ্রহণ করেন। আলোচনায় ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অংশগ্রহণকারী ইমাম ও খতিবরা আগামী দিনে মসজিদের মিম্বার, ধর্মীয় আলোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রীতির বার্তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে বিভেদ সৃষ্টি না করে সৌহার্দ্য, সহমর্মিতা ও পারস্পরিক সম্মানবোধ জাগ্রত করতে হবে। ধর্মীয় মূল্যবোধের সঠিক চর্চার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় করা সম্ভব।
আলোচনা সভায় বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন, ধর্ম-বর্ণের ভিন্নতা যেন কখনো মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে না পারে। পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধনে গড়ে উঠুক শান্তি, সৌহার্দ্য ও মানবিকতার বাংলাদেশ।