কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ, শুরু হয়েছে পুনঃখনন কার্যক্রম

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর এলাকার ঐতিহ্যবাহী কল্যাণী খাল দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে ফতুল্লা ও সদর সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে।

জলাবদ্ধতা নিরসন এবং খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সরকারের অগ্রাধিকারভুক্ত ‘খাল পুনঃখনন কর্মসূচি’র আওতায় কল্যাণী খাল পুনরুদ্ধার ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে খালের দুই পাড়ে সরকারি জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনা এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হচ্ছে। প্রশাসনের কঠোর অবস্থানের কারণে ইতোমধ্যে অনেক দখলদার স্বেচ্ছায় নিজেদের স্থাপনা সরিয়ে নিতে শুরু করেছেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, উচ্ছেদ অভিযান শুরুর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে খাল পরিদর্শন করেন এবং অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুতের নির্দেশ দেন। সেই তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, খালের সরকারি জমি সম্পূর্ণভাবে দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে খাল পুনঃখননের কাজও পর্যায়ক্রমে এগিয়ে নেওয়া হবে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, “কল্যাণী খাল একসময় এ অঞ্চলের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল। দীর্ঘদিনের অবৈধ দখল ও ভরাটের কারণে খালটি প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছে। ফলে বর্ষা মৌসুমে আশপাশের এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং জেলা প্রশাসকের তত্ত্বাবধানে আমরা খালটি পুনরুদ্ধার ও পুনঃখননের কাজ শুরু করেছি।”

তিনি আরও বলেন, “সরকারি জমি দখল করে যারা ব্যবসা প্রতিষ্ঠান বা বসতি গড়ে তুলেছেন, তাদের একাধিকবার নোটিশ দিয়ে নিজ উদ্যোগে সরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। যারা তা করেননি, তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। জনদুর্ভোগ কমানো, পরিবেশ সংরক্ষণ এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। এ কাজে সকলের সহযোগিতা কামনা করছি।”

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের আশা, খাল পুনঃখনন সম্পন্ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার উল্লেখযোগ্য সমাধান হবে এবং এলাকার পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *