কাস্পিয়ান সাগরে সামরিক মহড়ায় ১৯ সেনা ভেসে গেল, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক:

কাজাখস্তানে কাস্পিয়ান সাগরে সামরিক প্রশিক্ষণ মহড়ার সময় পানিতে ভেসে গিয়ে দেশটির নয় সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন নিখোঁজ রয়েছেন। তিন সেনাসদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় মাঙ্গিস্তাউ অঞ্চলে কাস্পিয়ান সাগরের উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়ার সময় এ দুর্ঘটনা ঘটে। কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশিক্ষণ ও যুদ্ধকৌশলগত একটি কার্যক্রম চলাকালে আকস্মিকভাবে আবহাওয়া পরিস্থিতির অবনতি ঘটে এবং বাতাসের তীব্রতা বেড়ে যায়। এ সময় ১৯ সেনাসদস্য সাগরের পানিতে ভেসে যান।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত নয় সেনাসদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সেনাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি সাতজনের সন্ধানে কাস্পিয়ান সাগরে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দুর্ঘটনার পরপরই কাজাখ নৌবাহিনীর সদস্য, জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্ধারকারী দল, বিমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্যদের নিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। নিখোঁজ সেনাদের অবস্থান শনাক্ত করতে সাগরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

ঘটনার কারণ ও পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিশন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কমিশনের নেতৃত্ব দিচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী দাউরেন কোসানভ। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের পাশাপাশি উদ্ধার অভিযানও সমন্বয় করা হচ্ছে।

এদিকে সেনাসদস্যদের মৃত্যুর ঘটনায় কাজাখস্তানের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ঘটনাটি কীভাবে ঘটল এবং মহড়ার সময় নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।

কাজাখ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহত সেনাসদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানিয়েছে। উদ্ধার অভিযান ও নিখোঁজদের বিষয়ে নতুন তথ্য পাওয়া গেলে তা যাচাই করে প্রকাশ করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

মহড়াটি ‘খাজার কোরগানি-২০২৬’ নামে কাস্পিয়ান সাগরের কাজাখ অংশে ২২ সেপ্টেম্বর শুরু হয়েছিল। এতে ৫০০-র বেশি সেনাসদস্য, নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও নৌযান এবং অন্যান্য নিরাপত্তা ও প্রতিরক্ষা ইউনিট অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *