ক্যাটরিনাকে বডিশেমিংয়ের প্রতিবাদে সরব আলী জাফর

অনলাইন ডেস্ক

সন্তান জন্মের পর প্রথমবার জনসমক্ষে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের শারীরিক গঠন নিয়ে ট্রোলিং শুরু করেছে নেটিজেনদের একাংশ। এর প্রতিবাদে সরব হয়েছেন পাকিস্তানি গায়ক ও অভিনেতা আলী জাফর।

সম্প্রতি স্বামী ভিকি কৌশলের সঙ্গে আম্বানিদের গণপতি উৎসবে যোগ দেন ক্যাটরিনা। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তার গর্ভাবস্থার আগের ও পরের ছবি পাশাপাশি প্রকাশ করে নানা ধরনের কটূক্তি করা হয়। এমনকি কেউ কেউ তার ‘ক্যারিয়ার শেষ’ বলেও মন্তব্য করেন।

এসব বডিশেমিং ও কটূক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দেন আলী জাফর। তিনি বলেন, নারীদের নিয়ে এ ধরনের ট্রোলিং নতুন কিছু নয়। এর আগেও তার দেশের অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে একই ধরনের আচরণের বিরুদ্ধে তিনি কথা বলেছেন।

ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে আলী জাফর সমাজের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন। তার ভাষ্য, নারীদের শরীর, পোশাক ও জীবনযাপনকে সমাজ এমনভাবে মূল্যায়ন করে, যেন এগুলো জনসমক্ষে বিচার করার বিষয়।

আলী জাফর বলেন, ‘আমাদের সবারই আত্মদর্শন করা প্রয়োজন। বিশেষ করে একজন পুরুষ হিসেবে আমাদের নিজেদের মানসিকতা সংশোধন করা জরুরি।’

তিনি আরও বলেন, ‘পুরুষ হিসেবে পাওয়া বিশেষ সুযোগের কারণে আমরা নারীদের নিজেদের তৈরি মানদণ্ডে বিচার করি। তাদের শরীর বা জীবন আমাদের কাঠামোর সঙ্গে না মিললেই আমরা হেয় করি, যা অত্যন্ত অনুচিত।’

অন্যের সমালোচনা না করে সবার প্রতি সহমর্মী হওয়ার আহ্বান জানিয়ে আলী জাফর বলেন, সৌন্দর্যের মাপকাঠি সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে। রেনেসাঁস যুগে নারীদের সৌন্দর্যের মাপকাঠি ছিল একরকম, পরে ‘জিরো ফিগার’ কিংবা পুরুষদের ‘সিক্স-প্যাক’-এর মতো প্রবণতা তৈরি হয়েছে।

তিনি বলেন, অন্যের জীবন সম্পর্কে না জেনে মন্তব্য করার পরিবর্তে মানুষের প্রতি আরও সহানুভূতিশীল হওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *