অনলাইন ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে মুখোমুখি বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিতর্কের বিচারক কে হবেন, সেই সিদ্ধান্তও প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিয়েছেন তিনি। এমনকি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতকে বিচারক হিসেবে মনোনীত করার প্রস্তাবও দিয়েছেন রাহুল।
মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ আহ্বান জানান তিনি। রাহুলের প্রস্তাব অনুযায়ী, একটি টেবিলের দুই পাশে মুখোমুখি বসবেন তিনি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে উপস্থিত থাকবেন সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং দেশের তরুণ প্রজন্ম।
বিতর্কের বিচারক নির্বাচনের দায়িত্বও প্রধানমন্ত্রীর হাতে রাখতে চান রাহুল। তিনি বলেন, প্রধানমন্ত্রী যাকে ইচ্ছা বিচারক হিসেবে বেছে নিতে পারেন। এমনকি আরএসএস প্রধান মোহন ভাগবতকেও এই দায়িত্ব দেওয়া যেতে পারে।
রাহুল গান্ধীর এ আহ্বানের পেছনে রয়েছে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা। বিরোধীদের বিরুদ্ধে দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগ তুলছে ক্ষমতাসীন দল বিজেপি। এসব অভিযোগের জবাব সরাসরি দেওয়ার জন্যই প্রকাশ্য বিতর্কের প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন কংগ্রেস নেতা।
প্রস্তাবিত বিতর্কে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং জেফরি এপস্টেইনকে ঘিরে বিতর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আনতে চান রাহুল।
তাঁর এই আহ্বানকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে বিভিন্ন অভিযোগের জবাব দেওয়ার কথা বলা হচ্ছে। অন্যদিকে বিজেপি নেতারা সংসদকেই এ ধরনের আলোচনার উপযুক্ত জায়গা হিসেবে তুলে ধরছেন।
তবে রাহুল গান্ধীর এই চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্রহণ করবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার কথা জানা যায়নি।