গণতন্ত্র ধ্বংসে বিরোধী দলের নতুন চক্রান্ত চলছে: পানিসম্পদমন্ত্রী এ্যানি

জেলা প্রতিনিধি:

গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদাখালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিরোধী দলের কর্মকাণ্ড ও বক্তব্যের সঙ্গে ৫ আগস্ট পালিয়ে যাওয়া ব্যক্তিদের কর্মকাণ্ডের মিল রয়েছে। তারা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নতুন করে চক্রান্তে লিপ্ত হয়েছে। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, ১১ দলের দাবি না মানলে বোমাবাজি ও ককটেলবাজি বন্ধ হবে না।

তিনি বলেন, গালিগালাজ ও অসৌজন্যমূলক বক্তব্যকে যদি গণতন্ত্রের সৌন্দর্য বলা হয়, তাহলে দেশের মানুষ তা গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। গণতন্ত্রের নামে এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

পানিসম্পদমন্ত্রী বলেন, যারা ৫ আগস্ট পালিয়ে গেছে, তারা বাইরে থেকে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে বলে তিনি মনে করেন। তাদের নেতৃত্বে গাড়িতে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের মতো কর্মকাণ্ড হয়েছে বলে দাবি করেন তিনি। বর্তমান বিরোধী দলের বক্তব্য ও কর্মকাণ্ডের সঙ্গেও এসবের মিল রয়েছে বলে মন্তব্য করেন এ্যানি।

তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এবং তারেক রহমানের সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। বিএনপি আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাজনীতিতে এসেছে এবং রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করেছে। ভবিষ্যতেও রাজপথে এই অপশক্তির মোকাবিলা করা হবে বলে জানান তিনি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারা যেদিন শপথ নিয়েছেন, সেদিন বিরোধী দল উপস্থিত ছিল না। মতের ভিন্নতা থাকতে পারে, বিভিন্ন বিষয়ে বক্তব্য ও আলোচনা হতে পারে। তবে বিরোধী দলের বর্তমান কর্মকাণ্ড নিয়ে তিনি সমালোচনা করেন।

তিনি বলেন, বিরোধী দল সংসদে সুন্দর সুন্দর কথা বলে। তাদের বক্তব্যের পর প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে বরাদ্দও বাড়িয়ে দেন। কিন্তু সংসদের বাইরে গিয়ে তারা সরকারের বিরুদ্ধে অসৌজন্যমূলক ও শিষ্টাচারবহির্ভূত ভাষায় কথা বলেন বলে অভিযোগ করেন তিনি।

এ্যানি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিরোধী দলের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামী পাঁচ বছর শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনায় বাধা সৃষ্টি করার কোনো ধরনের ষড়যন্ত্র হলে তা রাজপথে মোকাবিলা করা হবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *