মোঃ আনজার শাহ
গরিবের জন্য বরাদ্দ চাল, ত্রাণ কিংবা সরকারি সহায়তা আত্মসাৎ করা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, দরিদ্রের হক আত্মসাৎকারীদের বিএনপিতে কোনো জায়গা নেই; দলীয় পরিচয় বা রাজনৈতিক অবস্থান যত বড়ই হোক, দুর্নীতি ও অনৈতিকতার কাছে কেউ আশ্রয় পাবেন না।
কুমিল্লার বরুড়ার কাদবা তলাগ্রামের তারিণী চরণ লাহা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সব সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সেজন্য সর্বস্তরে সততা, দায়িত্ববোধ ও আন্তরিকতা প্রয়োজন। গরিবের জন্য বরাদ্দকৃত চাল, ত্রাণসামগ্রী কিংবা সরকারি সহায়তা কোনোভাবেই অসাধু ব্যক্তিদের পকেটে যেতে পারে না।
তিনি উল্লেখ করেন, অতীতে দরিদ্র মানুষের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রী আত্মসাতের ঘটনা ঘটেছে। ফলে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হয়েছেন, আর জনগণের আস্থায় আঘাত এসেছে। তিনি বলেন, এ ধরনের অন্যায় পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না।
বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কেউ যেন দুর্নীতি, স্বজনপ্রীতি বা গরিবের হক আত্মসাতের মতো অনৈতিক কাজে জড়িত না হন এ আহ্বান জানান জাকারিয়া তাহের সুমন। তিনি স্পষ্ট করেন, গরিবের হক আত্মসাৎ করে কেউ দলের আদর্শের পরিচয় দিতে পারেন না।
মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে আদর্শ, মূল্যবোধ ও জনসেবার শিক্ষা দিয়েছেন, তা ধারণ করতে হবে। রাজনীতি বা দলীয় নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম নয়; বরং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার দায়িত্ব।
তিনি বলেন, যাঁর আর্থিক সামর্থ্য আছে, তিনি অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়াবেন; আর যাঁর অর্থ নেই, তিনি শ্রম, সময় ও আন্তরিকতা দিয়ে সেবা করবেন। মানুষের জন্য কাজ করতে না পারলে নেতৃত্বের প্রকৃত সার্থকতা থাকে না বলেও মন্তব্য করেন তিনি।
জনগণের সহযোগিতা ও ভালোবাসা নিয়েই এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে চান মন্ত্রী। তিনি আশা করেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে বরুড়াকে একটি উন্নত, সমৃদ্ধ, মাদকমুক্ত ও ক্রীড়াবান্ধব জনপদে পরিণত করা সম্ভব হবে।
একই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণদের মাদক থেকে দূরে রাখার পাশাপাশি সামাজিক বন্ধন, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার শক্তিশালী হাতিয়ার। তিনি জানান, ভবিষ্যতে প্রতিটি ইউনিয়নে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি আন্তঃস্কুল ও আন্তঃকলেজ ক্রীড়া আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এ টুর্নামেন্টে ১৯টি উপজেলার দল অংশ নেয়। ফাইনালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।