গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধায় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার হওয়া দুইজন হলেন মনিরুজ্জামান মনির ওরফে পলাশ (৪৭) এবং স্বাধীন মিয়া (৩২)।
মনিরুজ্জামান মনির ওরফে পলাশ সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের দক্ষিণ ফলিয়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে এবং স্বাধীন মিয়া ফুলছড়ি উপজেলার ধনারপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে। জানা যায়, গ্রেফতারকৃত মনিরুজ্জামান মনির আগে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম। এর আগে শুক্রবার বিকেলে জেলা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে স্বাধীন মিয়াকে আটক করা হয় এবং একই দিন রাতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালী ইউনিয়নের দক্ষিণ ফলিয়া এলাকার নিজ বাড়ি থেকে মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ওই রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
ডিবি পুলিশের ওসি নজরুল ইসলাম জানান, মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় সাতটি মামলা এবং স্বাধীন মিয়ার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। পরে শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।