Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
চকরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ: র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা - দৈনিক স্বাধীন সংবাদ

চকরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ: র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা

চকরিয়া প্রতিনিধি:

“মৎস্যসম্পদ রক্ষা করি, টেকসই বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে চকরিয়া পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী এবং চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, দেশের আমিষের চাহিদা পূরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে মৎস্য খাতের অবদান অপরিসীম। চকরিয়ার ভৌগোলিক অবস্থান মৎস্যচাষের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। তিনি মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম বলেন, মৎস্য খাতের টেকসই উন্নয়নে চাষিদের সরকারি সহায়তার পাশাপাশি স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি। চকরিয়ার ঐতিহ্যবাহী মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী মৎস্যচাষিদের টেকসই উন্নয়ন ও অধিকার রক্ষায় প্রশাসনিক ও রাজনৈতিক সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। স্বাগত বক্তব্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন চকরিয়ায় মৎস্যচাষের বর্তমান চিত্র ও আধুনিক প্রযুক্তির ব্যবহার তুলে ধরেন। পাশাপাশি তিনি চাষিদের বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় চকরিয়া উপজেলার কয়েকজন সফল মৎস্যচাষি ও উদ্যোক্তার হাতে সম্মাননা পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *