মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে ২০২৬) চকরিয়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশনায় এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, চকরিয়া থানা এলাকা, পৌরসভার নতুন বাসস্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জনতা মার্কেট, পিউরিয়া, মাতামুহুরী ব্রিজ এলাকা ও চিরিংগা স্টেশনসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় ভাসমান মাদকসেবী, হাসপাতালের দালাল এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত ৭ জন, মামলার এজাহারভুক্ত ২ জন এবং ভাসমান মাদকসেবী, দালাল ও অন্যান্য অপরাধে জড়িত ১২ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চকরিয়া থানার ওসি জানান, চিরিংগা বাজার, বাসস্টেশন, মাতামুহুরী ব্রিজ, মালুমঘাট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জনতা মার্কেটসহ অপরাধপ্রবণ এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া তিনি অপরাধ নির্মূলে গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।