Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
চট্টগ্রাম বিভাগ থেকে ‘সেরা ৭ বাংলাবিদ’ নির্বাচিত - দৈনিক স্বাধীন সংবাদ

চট্টগ্রাম বিভাগ থেকে ‘সেরা ৭ বাংলাবিদ’ নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত দেশের অন্যতম বৃহৎ মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর সপ্তম আসরের চট্টগ্রাম বিভাগীয় বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। বাছাইপর্ব শেষে চট্টগ্রাম বিভাগ থেকে সেরা সাত প্রতিযোগী ঢাকায় মূলপর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।

নতুন প্রজন্মের মধ্যে শুদ্ধ বাংলা, সঠিক বানান, উচ্চারণ ও বাংলা সংস্কৃতির চর্চা বাড়ানোর উদ্দেশ্যে ইস্পাহানি টি লিমিটেড সপ্তমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করছে।

বাছাইপর্বে বিচারকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শারমিন মুস্তারী এবং প্রথিতযশা আবৃত্তিশিল্পী মাহীদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন চ্যানেল আইয়ের তাহের শিপন।

প্রাথমিক বাছাইপর্বে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের সাহিত্য ও ব্যাকরণভিত্তিক ৪০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন এবং ৩০ নম্বরের অনুধাবনমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে বিভাগীয় সেরা ২০ প্রতিযোগী নির্বাচন করা হয়। পরবর্তী ধাপে বিচারকরা প্রতিযোগীদের উচ্চারণ, বানান ও ব্যাকরণের সঠিক প্রয়োগের দক্ষতা যাচাই করেন। এর মধ্য থেকে সেরা সাতজনকে ঢাকায় অনুষ্ঠিতব্য মূলপর্বের জন্য নির্বাচিত করা হয়।

অনুষ্ঠান শেষে নির্বাচিত প্রতিযোগীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক (টি ট্রেড) সৈয়দ হুসেইন পিশনামাজ।

এ ছাড়া সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় সেরা তিনজনকে পুরস্কৃত করা হয়। ইস্পাহানি গ্রুপের মহাব্যবস্থাপক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) শরিফুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা এবং সনদপত্র পেয়েছে।

আয়োজকরা জানান, ঢাকায় মূলপর্ব শেষে দেশসেরা বাংলাবিদ পাবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী পাবেন যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়া সেরা ১০ প্রতিযোগীর প্রত্যেককে একটি করে ল্যাপটপ এবং ব্যক্তিগত গ্রন্থাগার গড়ে তোলার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *