চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৪০৯ বোতল সিরাপ ও মদ জব্দ

মোঃ মাহমুদুল হাসান:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তিনটি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৩১৭ বোতল ফেনসিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৫৩ বোতল চকো ডিএক্স সিরাপ এবং ৩৯ বোতল মদ জব্দ করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান চালায়। এ সময় ২১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

একই দিন রাত ৯টা ৫০ মিনিটের দিকে ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫৩ বোতল ভারতীয় চকো ডিএক্স সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ করে।

এ ছাড়া বুধবার (১৮ নভেম্বর) রাত ১টার দিকে জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান চালায়। এ সময় আরও ১০০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা সিরাপ ও মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬ হাজার ৫০০ টাকা। জব্দ করা মাদকদ্রব্য শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং মাদকসহ সব ধরনের অবৈধ চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *