চান্দগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, বুইশ্যার সহযোগীসহ গ্রেপ্তার ২

কামরুল ইসলাম:


চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পুলিশের তালিকায় থাকা শহিদুল ইসলাম বুইশ্যার অন্যতম সহযোগী মো. নাঈম ইসলাম সাকিব (২৬) ও মো. রাহাত (২৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিনের নেতৃত্বে বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই হৃদয় মাহমুদ লিটন, এএসআই অসিত নাথ, এএসআই শাহ আলমসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।

গ্রেপ্তার নাঈম ইসলাম সাকিব ভোলার লালমোহন উপজেলার চরভুতা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন শমসেরপাড়া ৭ নম্বর আবাসিক এলাকায় বসবাস করেন। অপর আসামি মো. রাহাত পুরাতন চান্দগাঁও এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার নাঈম ইসলাম সাকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় দ্রুত বিচার আইনে একটি এবং দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় দুটি মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তার মো. রাহাতের বিরুদ্ধে ২০২২ সালে দণ্ডবিধির ৩৯২ ধারায় একটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে চান্দগাঁও থানার মামলা নম্বর-০৫, তারিখ ৭ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *