খেলা ডেস্ক:
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে যৌথভাবে সূচি প্রকাশ করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। একই অনুষ্ঠানে টুর্নামেন্টের কাউন্টডাউন শুরু হওয়ার পাশাপাশি ম্যাচের টিকিটের জন্য আবেদন কার্যক্রমও শুরু হবে।
৫০ ওভারের এই বিশ্বকাপ শুরু হবে আগামী বছরের ২ অক্টোবর। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর।
নিশ্চিত হচ্ছে ১০ দলের অংশগ্রহণ
বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪টি দল। এর মধ্যে ১০ দলের অংশগ্রহণ ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত হওয়ার কথা। আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে।
অন্য সহ-আয়োজক নামিবিয়া আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় সরাসরি মূল পর্বে জায়গা পায়নি। তাদের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে উঠতে হবে।
এ ছাড়া ওয়ানডে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও আটটি দল সরাসরি মূল পর্বে জায়গা পাবে। বাকি চার দল বাছাইপর্বের মাধ্যমে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সূচিতে তাদের ‘কোয়ালিফায়ার ১, ২, ৩ ও ৪’ হিসেবে উল্লেখ করা হবে।
বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিশ্চিত
বর্তমান ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারত শীর্ষে রয়েছে। এরপর নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ রয়েছে। বাংলাদেশ নবম অবস্থানে থাকলেও বিশ্বকাপের মূল পর্বে তাদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওপরে থাকা দক্ষিণ আফ্রিকা আয়োজক হিসেবে সরাসরি খেলার সুযোগ পাওয়ায় বাংলাদেশের জন্য মূল পর্বে জায়গা নিশ্চিত হয়েছে।
অন্যদিকে র্যাঙ্কিংয়ে দশম অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপের মূল পর্বে উঠতে বাছাইপর্ব খেলতে হবে। বর্তমানে ভারত সফরে ওয়ানডে সিরিজ খেলছে ক্যারিবিয়ান দলটি।
টিকিটের জন্য নিবন্ধন
আগামী বৃহস্পতিবার থেকে বিশ্বকাপের টিকিটের জন্য আবেদন কার্যক্রম শুরু করবে আইসিসি। তবে সেদিন সরাসরি টিকিট কেনা যাবে না। ক্রিকেটপ্রেমীরা ১ অক্টোবর থেকে টিকিটের জন্য নিবন্ধন করতে পারবেন।
বিশ্বকাপের নতুন ফরম্যাট
২০২৭ বিশ্বকাপের মূল প্রতিযোগিতা তিনটি পর্বে বিভক্ত থাকবে। সেমিফাইনাল ও ফাইনালের আগে শুরু হবে ‘সুপার সিরিজ’ পর্ব। ১৪টি যোগ্যতা অর্জনকারী দলের মধ্যে র্যাঙ্কিংয়ে সর্বনিম্ন তিন দলকে নিয়ে এই পর্ব অনুষ্ঠিত হবে। রাউন্ড রবিন পদ্ধতিতে খেলার পর পয়েন্ট তালিকার শীর্ষ দল পরবর্তী পর্বে জায়গা করে নেবে।
এরপর ১২টি দলকে ছয়টি করে দুটি গ্রুপে ভাগ করা হবে। এই পর্বে মোট ৩০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরবর্তী সেরা দল ‘সুপার সেভেন’ পর্বে উঠবে।
সুপার সেভেনে রাউন্ড রবিন পদ্ধতিতে মোট ২১টি ম্যাচ হবে। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে। সেখানে প্রথম দল খেলবে চতুর্থ দলের বিপক্ষে এবং দ্বিতীয় দল মুখোমুখি হবে তৃতীয় দলের।
দুই সেমিফাইনালের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে। আগামী ২ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর শেষ হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আসর।