কামরুল কামরুল:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে ঐতিহাসিক ৫৬তম আন্তর্জাতিক সীরতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০টায় চুনতি সীরতুন্নবী (সা.) হলরুমে আয়োজিত এ সভায় মাহফিল সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সীরতুন্নবী (সা.) মাহফিল মোতোয়াল্লী কমিটির সভাপতি আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ। সঞ্চালনা করেন মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইবনে দিনার নাজাত।
বক্তারা বলেন, সীরাত বা সীরত একটি পবিত্র বিষয়, যার মধ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, কর্ম ও মানবকল্যাণমূলক শিক্ষা নিহিত রয়েছে। প্রায় ৫৫ বছর আগে চট্টগ্রামের চুনতি গ্রামে হযরত শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ.) এই মাহফিলের শুভ সূচনা করেন। সময়ের পরিক্রমায় এটি দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন হিসেবে পরিচিতি লাভ করেছে এবং দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রস্তুতি সভায় বক্তারা আসন্ন ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক সীরতুন্নবী (সা.) মাহফিল সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা, অতিথি আপ্যায়ন, অবকাঠামোগত প্রস্তুতি ও ধর্মীয় কার্যক্রম বাস্তবায়নে নানা পরামর্শ ও মতামত তুলে ধরেন।
সভায় উপস্থিত বিভিন্ন জেলা ও উপজেলার ভক্ত, শুভানুধ্যায়ী, আলেম-ওলামা, মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, শিক্ষানুরাগী এবং দায়িত্বশীল ব্যক্তিরা মাহফিলের জন্য আর্থিক ও নৈতিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সমাপনী বক্তব্যে সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইবনে দিনার নাজাত জানান, সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে প্রতিবছর এ মাহফিল সফলভাবে সম্পন্ন হয়ে আসছে। তিনি বলেন, “এবারের মাহফিলের প্রাথমিক বাজেট নির্ধারণ করা হয়েছে সাড়ে পাঁচ কোটি টাকা। তবে বিগত বছরের কিছু আর্থিক ঘাটতিসহ মোট প্রায় আট কোটি টাকার প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং তাঁর শিক্ষা ও আদর্শ প্রচার করা মুসলিম উম্মাহর অন্যতম দায়িত্ব। এ মাহফিল সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রসঙ্গত, চুনতির আন্তর্জাতিক সীরতুন্নবী (সা.) মাহফিল দীর্ঘদিন ধরে দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত। প্রতিবছর লাখো ধর্মপ্রাণ মুসল্লি ও নবীপ্রেমিক এ মাহফিলে অংশগ্রহণ করেন। মাহফিল চলাকালে ধর্মীয় আলোচনা, কোরআন-হাদিসভিত্তিক বয়ান, ইসলামী শিক্ষা প্রসার এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।