আন্তর্জাতিক ডেস্ক ::
ভারতের সঙ্গে স্বাক্ষরিত মুক্তবাণিজ্য চুক্তি বাস্তবায়নের জন্য একটি আইন পাস করেছে নিউজিল্যান্ডের সরকার। গত মঙ্গলবার আইনটি পাস হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।
নতুন আইনের আওতায় ভারতে রপ্তানি হওয়া নিউজিল্যান্ডের পণ্যগুলোর ওপর থেকে প্রায় ৯৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করবে নয়াদিল্লি। এর বিপরীতে নিউজিল্যান্ডের বাজারে শতভাগ শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে ভারতীয় পণ্য। পাশাপাশি আগামী ১৫ বছরে ভারতের বাণিজ্য খাতে ২ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে ওয়েলিংটন।
গত ২৭ এপ্রিল নয়াদিল্লিতে দ্বিপক্ষীয় মুক্তবাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষর করে ভারত ও নিউজিল্যান্ড। ওই চুক্তি বাস্তবায়নের জন্যই আইনটি বিল আকারে নিউজিল্যান্ডের পার্লামেন্টে উত্থাপন করা হয়েছিল।
উত্থাপনের পর পার্লামেন্টের ৯৩ জন সদস্য বিলটির পক্ষে ভোট দেন এবং বিপক্ষে ভোট দেন ২৯ জন। বিরোধী দল লেবার পার্টির অনেক এমপিও বিলটির পক্ষে ভোট দিয়েছেন।
নিউজিল্যান্ডের রাষ্ট্রপ্রধান ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। তবে রাজার অনুপস্থিতিতে তার প্রতিনিধিত্ব ও সাংবিধানিক দায়িত্ব পালন করেন গভর্নর জেনারেল। পাস হওয়া বিলটি এখন গভর্নর জেনারেলের কাছে পাঠানো হবে। তার স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হবে।
বিল পাসের পর নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টড ম্যাকক্লে সাংবাদিকদের বলেন, ‘আইনটি কার্যকর হলে রপ্তানিকারীরা তাৎক্ষণিকভাবে এর সুফল ভোগ করবেন এবং আমরা আশা করছি চমৎকার এই বাণিজ্য চুক্তিটি এ বছরই কার্যকর হবে।’
সূত্র: এএফপি