আন্তর্জাতিক ডেস্ক:
সুইজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনের উচ্চ পাহাড়ি এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সুইসইনফোর বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
ভ্যালাইস আঞ্চলিক পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে টিকিনো অঞ্চলের লুগানো শহর থেকে উড্ডয়ন করা ‘সিরাস এসআর২২টি’ মডেলের এক ইঞ্জিনবিশিষ্ট বিমানটি লয়কারবাড পৌরসভার কাছে একটি পাহাড়ের ঢালে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা তিনজনই নিহত হন।
দুর্ঘটনার খবর পাওয়ার পর জরুরি সেবা ও উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে বিমানের ভেতরে থাকা তিনজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে দুজন ব্রিটিশ নাগরিক বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে তিনটি হেলিকপ্টার ও দুজন উদ্ধারকারী বিশেষজ্ঞসহ জরুরি সেবাদানকারী দল পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।