Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
জুয়ার আসর বসিয়ে শেষ রক্ষা হলো না ওসমানের - দৈনিক স্বাধীন সংবাদ

জুয়ার আসর বসিয়ে শেষ রক্ষা হলো না ওসমানের

কামরুল ইসলাম:

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী এলাকা থেকে মো. ওসমান গনি (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, ওসমান গনি একজন পেশাদার জুয়াড়ি এবং বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসানোর সঙ্গে জড়িত। এর আগে পকেট গেট খালপাড় এলাকায় তার বসানো জুয়ার আসর প্রশাসন ভেঙে দেয়। ওসি আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে ইপিজেড থানার আকমল আলী এলাকা থেকে ওসমান গনিকে গ্রেপ্তার করা হয়। তিনি হাটহাজারী উপজেলার ফতেপুর এলাকার মো. মনির হোসেনের ছেলে।

ইপিজেড থানার পুলিশ সূত্রে জানা গেছে, ওসমান গনির বিরুদ্ধে জুয়া খেলা ও জুয়ার আসর আয়োজনের অভিযোগে এর আগে আরও দুটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৬ সালের ৩০ মার্চ ইপিজেড থানায় The Public Gambling Act, 1867-এর ৩ ও ৪ ধারায় একটি মামলা এবং ২০২৫ সালের ৯ জুন একই আইনের ৪ ধারায় আরেকটি মামলা করা হয়। পুলিশের ভাষ্য, ইপিজেড থানার বিভিন্ন এলাকায় প্রশাসনের নজর এড়িয়ে দুর্গম ও নির্জন স্থানে টাকার বিনিময়ে জুয়ার আসর বসানোর অভিযোগ রয়েছে ওসমান গনির বিরুদ্ধে। জুয়ার ঘর তৈরি, জুয়াড়িদের আশ্রয় ও প্ররোচনা দেওয়ার পাশাপাশি জুয়ার আসর পরিচালনায় তিনি সহায়তা করতেন বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় ১২ সেপ্টেম্বর ইপিজেড থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ওসমান গনিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম ও ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে এসআই মো. শহিদুল ইসলাম অংশ নেন। গ্রেপ্তার ওসমান গনিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *