ঝালকাঠির নলছিটিতে যথাযথ মর্যাদায় জাতীয় যুব দিবস পালিত

আমির হোসেন:

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং জাতীয় পর্যায়ে যুব পুরস্কারপ্রাপ্ত একজন সংগঠককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নলছিটি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান খান হেলাল, পৌর বিএনপির সহসভাপতি সরোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তৌহিদ আলম মান্না, যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হাসান সবুজ এবং নলছিটি প্রেসক্লাবের সহসভাপতি মো. শাহাদাৎ হোসেন মনু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সুজন-সুশাসনের জন্য নাগরিকের সভাপতি ও প্রভাষক মো. আমির হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি দক্ষ ও আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তুলতে হবে। এ জন্য যুবকদের কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি।

বক্তারা আরও বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দেশ গঠনের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। প্রশিক্ষণ ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা পেলে তরুণেরা নিজেরাই উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন। এতে একদিকে যেমন বেকারত্ব কমবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতিও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে যুবকদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা সৃষ্টি এবং আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কার্যক্রমকে কাজে লাগিয়ে তরুণদের নিজেদের কর্মসংস্থান তৈরির আহ্বান জানান।

আলোচনা সভা শেষে উপজেলার প্রশিক্ষিত ১৩ জন যুব নারীর মধ্যে মোট ১৫ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে যুব পুরস্কারপ্রাপ্ত নলছিটির কৃতী সন্তান ও সংগঠক আরিফুর রহমান শুভকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের আয়োজকরা আশা প্রকাশ করেন, যুব ঋণ ও প্রশিক্ষণের সুযোগ কাজে লাগিয়ে নলছিটির তরুণ-তরুণীরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *