টঙ্গীতে ডিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ যুবক গ্রেফতার

মোঃ মুজাহিদুল ইসলাম:

গাজীপুর মহানগরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে ২৬টি চোরাই মোবাইল ফোনসহ মেহেদী হাসান (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের চৌকস পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোঃ শফিকুল ইসলাম।

উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে— ৮টি স্যামসাং, ৩টি ভিভো, ২টি অপো, ২টি রিয়েলমি, ২টি এমআই, ১টি আইফোন, ১টি আইটেল, ১টি উইকো, ১টি টেকনো এবং ৪টি বাটন ফোনসহ একটি নামবিহীন অ্যান্ড্রয়েড ফোন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৪ মে ২০২৬ ইং) তারিখের একটি সাধারণ ডায়েরির তদন্তে নেমে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অধিকাংশ মোবাইল ফোন লক অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে আইএমইআই নম্বর যাচাই করা সম্ভব হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মেহেদী হাসান টঙ্গী বাজার ও আশপাশ এলাকা থেকে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে মহানগর ডিবি পুলিশের পরিদর্শক মিজানুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *