টানা তিন বছর শিক্ষার্থী নেই, ৮৬ পলিটেকনিকের অনুমোদন বাতিলের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:

টানা তিন বছর কোনো শিক্ষার্থী ভর্তি না হওয়ায় দেশের ৮৬টি বেসরকারি ডিপ্লোমা পর্যায়ের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন ও স্বীকৃতি বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তালিকায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ও ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান রয়েছে।

এ বিষয়ে ৮৬টি প্রতিষ্ঠানকে শোকজ বা তাগিদপত্র পাঠিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। সোমবার (৫ অক্টোবর) প্রকাশিত চিঠিতে আগামী ১৬ অক্টোবরের মধ্যে এসব প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বা স্বীকৃতি কেন প্রত্যাহার করা হবে না, তার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব পাওয়া না গেলে ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে এসব প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম স্থগিত করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পাঠদান অনুমোদন চূড়ান্তভাবে বাতিল করা হবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বি. এম. আমিনুল ইসলাম স্বাক্ষরিত তাগিদপত্রে বলা হয়েছে, কারিগরি শিক্ষা বোর্ডের নীতিমালার ৪.৪ অনুচ্ছেদ অনুযায়ী বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতির ক্ষেত্রে নির্ধারিত অবকাঠামো, ফলাফল, শিক্ষক-কর্মচারী নিয়োগসহ বিভিন্ন শর্ত পূরণ করা বাধ্যতামূলক।

নীতিমালার এসব শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করার এখতিয়ার বোর্ডের রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, অনুমোদনের শর্তাবলিতে পরপর তিন বছর কোনো শিক্ষার্থী ভর্তি না হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের বিধান রয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের সংযুক্ত তালিকা অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুরসহ দেশের বিভিন্ন জেলার ৮৬টি বেসরকারি পলিটেকনিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তালিকাভুক্ত কয়েকটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে পরিচালিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি।

বোর্ড সূত্র জানায়, শিক্ষার্থী সংকটে থাকা এসব প্রতিষ্ঠানে বছরের পর বছর নতুন শিক্ষার্থী ভর্তি না হওয়ায় শিক্ষা কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। নীতিমালায় নির্ধারিত শর্ত অনুযায়ী এসব প্রতিষ্ঠানের বিষয়ে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবেই অনুমোদন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *