ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি, খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি

মোহাম্মদ হোসেন হ্যাপী:

ডেঙ্গুর বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন। শনিবার (৬ জুন ২০২৬) সকালে আয়োজিত এ কর্মসূচিতে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার শিবু মার্কেট এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে এলজিইডি কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ। জনসচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায় এবং চলতি বছর আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এডিস মশার বংশবিস্তার রোধে মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আশপাশে জমে থাকা পানি, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসাসহ যেকোনো পাত্রে পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে জেলার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হবে।

কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মওলানা মাইনুদ্দিন আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *