ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুলে শিক্ষার্থীদের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

মোহাম্মদ হোসেন হ্যাপী:

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টায় স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক জনাব মো. সাখাওয়াত হোসেন খান। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে ডেঙ্গুর ভয়াবহতা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

তিনি বলেন, “শুধু স্কুল নয়, নিজেদের বাড়ি এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের সবার।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মর্গ্যান স্কুলের সভাপতি শামসুর নূর বাঁধন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে স্কুল প্রাঙ্গণে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মশার বংশবিস্তার রোধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *