ঢাকাবাসী তারেক রহমানের পাশে আছে: ডিএসসিসি প্রশাসক

জ্যেষ্ঠ প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, অতীতে ঢাকা শহর যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পাশে ছিল, আজও ঢাকাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে আছে।

শুক্রবার (২৮ আগস্ট) নগরভবনে ‘৪১৬ হৃদয়ে ঢাকা’ উৎসবের অংশ হিসেবে আয়োজিত ঢাকা শোভাযাত্রা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ঢাকার ঐতিহাসিক স্থানগুলোর প্রতিকৃতি শোভাযাত্রায় প্রদর্শনের মাধ্যমে এসব স্থাপনা ও নগরের ঐতিহ্য মানুষের সামনে তুলে ধরা হয়েছে। এসব ঐতিহাসিক স্থান ঢাকার পাশাপাশি পুরো দেশের গর্ব। নতুন প্রজন্মের কাছে ঢাকার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন।

তিনি বলেন, ‘এই ঢাকা আমার’—এই অনুভূতি নিয়ে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে। ঢাকাকে নিজের শহর হিসেবে ধারণ করতে পারলে নগরকে পরিচ্ছন্ন রাখা, সবুজে রূপান্তর করা এবং মশামুক্ত করা সম্ভব হবে।

বায়ুদূষণের প্রসঙ্গ তুলে ডিএসসিসি প্রশাসক বলেন, বায়ুদূষণের কারণে ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় থাকে। সবাই মিলে ঢাকাকে হৃদয়ে ধারণ করে কাজ করলে বায়ুদূষণ কমানো সম্ভব। জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যেই ‘৪১৬ হৃদয়ে ঢাকা’ উৎসবের আয়োজন করা হয়েছে।

এবারের আয়োজন এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ে তিনি অনুষ্ঠানে থাকতে পারেননি। ভবিষ্যতে প্রধানমন্ত্রী সময় দিলে তাকে সঙ্গে নিয়ে লালবাগ কেল্লায় চূড়ান্ত অনুষ্ঠান আয়োজন করা হবে। সেখানে ঢাকা মহানগরের সর্বস্তরের মানুষ, বিশেষ করে পুরান ঢাকার বাসিন্দাদের আমন্ত্রণ জানানো হবে।

‘হৃদয়ে ঢাকা’ উৎসবের বিভিন্ন আয়োজনের কথা তুলে ধরে আবদুস সালাম বলেন, এরই মধ্যে সাইকেল র‍্যালি, ম্যারাথন, নৌকাবাইচ ও চিত্রাঙ্কন উৎসব আয়োজন করা হয়েছে। আগামী বছর আরও বড় পরিসরে আয়োজন করা হবে।

ঢাকার ঐতিহাসিক স্থানগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে আগামী মাস থেকে প্রতি শনিবার স্কুলশিক্ষার্থীদের এসব স্থান পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। এ জন্য সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ঢাকা সিটি করপোরেশন প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের জন্য দুটি বাসের ব্যবস্থা করবে।

প্রশাসক বলেন, ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে নিজেদের শহর ও ইতিহাস নিয়ে গর্ব তৈরি হবে। শহীদ মিনারসহ ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলো মানুষের আত্মত্যাগ ও ইতিহাসের স্মৃতি বহন করছে। ঢাকা সব ধর্মের মানুষের শহর। ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষের ঐতিহ্য ও স্মৃতি এ শহরের সঙ্গে জড়িয়ে আছে।

নগরবাসীর প্রতি পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, যত্রতত্র ময়লা ফেলা যাবে না। ডাস্টবিন ছাড়া ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে। মানুষ যেমন নিজের শয়নকক্ষ ও বসার ঘর সুন্দর রাখে, তেমনি ঢাকা শহরের রাজপথকেও সুন্দর রাখার চেষ্টা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *