বাঁশখালীতে বন্যার্তদের পাশে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া, ত্রাণ ও নির্মাণসামগ্রী বিতরণ

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ করেছে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার খদুলপাড়া দায়রা শাখায় এ ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডারীর সাজ্জাদানশীন আলহাজ্ব হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় এবং নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবার আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচির আওতায় বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য ঢেউটিনসহ প্রয়োজনীয় নির্মাণসামগ্রী দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাইজভাণ্ডারী তরিকতের অন্যতম মূল শিক্ষা হলো মানবসেবা ও সৃষ্টির কল্যাণ সাধন। যেকোনো দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ঈমানি দায়িত্ব। বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া)-এর সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি মুহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, বাঁশখালী উপজেলার মুহাম্মদ ফারুক, মাওলানা নুরুল হক, নুরুল ইসলাম, নেছার আহমদ, রফিক উদ্দীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দরবারের খাদেম এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) বাঁশখালী উপজেলা ও বিভিন্ন শাখা সংসদের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ দ্রুত লাঘব কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *