ঢাকায় এমআরভি সার্ভার অচল, বিদেশে ভিসা সেবা ব্যাহত

নিজস্ব প্রতিবেদক:

কারিগরি ত্রুটির কারণে ঢাকায় অবস্থিত এমআরভির (MRV) কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল হয়ে পড়েছে। এতে বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন মিশনে ভিসা ও নো-ভিসা সেবা বিঘ্নিত হচ্ছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ব্যাংকক ও লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ব্যাংকক দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি ত্রুটির কারণে আবেদনকারীরা ভিসার আবেদন জমা দেওয়া এবং সংশ্লিষ্ট সেবা গ্রহণে সমস্যার সম্মুখীন হতে পারেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট কারিগরি দল দ্রুত সমস্যা সমাধানে কাজ করছে। সার্ভার পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত আবেদনকারীদের সাময়িক অসুবিধার বিষয়টি বিবেচনায় রাখার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, যেখানে সম্ভব, জরুরি ভ্রমণ পরিকল্পনার ক্ষেত্রে ভিসা প্রক্রিয়াকরণের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, লিসবন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় অবস্থিত এমআরভির কেন্দ্রীয় সার্ভার অচল থাকায় ভিসা ও নো-ভিসা সেবা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। সার্ভারটি পুনরায় সচল করতে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে।

দূতাবাস জানায়, কেন্দ্রীয় সার্ভার চালু হওয়ার পর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইতিবাচক সংকেত পাওয়া সাপেক্ষে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে সেবা স্বাভাবিক হওয়ার বিষয়ে জানানো হবে।

সাময়িক এ অসুবিধার জন্য ব্যাংকক ও লিসবন—দুই দূতাবাসই দুঃখ প্রকাশ করেছে এবং আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *