Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু - দৈনিক স্বাধীন সংবাদ

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু

মো. মশিউর রহমান, টাঙ্গাইল প্রতিবেদক:

দেশের আইনশৃঙ্খলা, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছে সরকার। এর মধ্যে রাজধানী ঢাকার দায়িত্ব পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপরা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূলকে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি হিসেবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে কার্যকর তদারকি ও সমন্বয় জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যেই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের মধ্যে বিভিন্ন জেলার দায়িত্ব বণ্টন করা হয়েছে।

রাজধানী ঢাকার মতো গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব সুলতান সালাউদ্দিন টুকুকে দেওয়ায় সরকারের পক্ষ থেকে তার ওপর আস্থা ও প্রত্যাশার বিষয়টি প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন দায়িত্বে তিনি ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ জনকল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রম তদারকিতে ভূমিকা রাখবেন।

এদিকে টাঙ্গাইলের সন্তান সুলতান সালাউদ্দিন টুকু রাজধানী ঢাকার দায়িত্ব পাওয়ায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও উৎসাহ দেখা দিয়েছে। স্থানীয়দের অনেকে মনে করছেন, জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা টুকুকে ঢাকার মতো গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব দেওয়া টাঙ্গাইলবাসীর জন্যও গর্বের বিষয়।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে নতুন দায়িত্বে সুলতান সালাউদ্দিন টুকু কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তার রাজনৈতিক সহকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *