ঢাকা দক্ষিণ সিটিতে তিন পদে দায়িত্বে থাকা মনোয়ারকে বদলি

স্টাফ রিপোর্টার:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা আলোচিত কর্মকর্তা মনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে। তাঁকে ডিএসসিসি থেকে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে বদলির আদেশ দেওয়া হয়েছে।

গত ২২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়।

মনোয়ার হোসেন ডিএসসিসিতে নিরীক্ষা কর্মকর্তা, প্রশাসকের একান্ত সচিব (পিএস) এবং আইন কর্মকর্তা—এই তিনটি পদে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন নিয়ে এর আগে নগর ভবনে আলোচনা-সমালোচনা তৈরি হয়।

তাঁর বিরুদ্ধে নগর ভবনে প্রভাব বিস্তার, কর্মকর্তা-কর্মচারীদের ওপর একক আধিপত্য প্রতিষ্ঠা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগও উঠেছিল। এ ছাড়া করপোরেশনের বিভিন্ন দরপত্রে পছন্দের লোককে কাজ পাইয়ে দেওয়া, অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

তবে এসব অভিযোগের বিষয়ে মনোয়ার হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *