মনিরুল ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচন আচরণ বিধি এবং গণভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জনসাধারণকে অবহিত করা ও ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে বিআরডিবির সুফলভোগীদের সঙ্গে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ) আড়াইহাজার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আসাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, আড়াইহাজার, নারায়ণগঞ্জ এবং সহকারী রিটার্নিং অফিসার, ২০৫ নারায়ণগঞ্জ-২ আসন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুর রহমান বলেন, “নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন আচরণ বিধি সম্পর্কে সকল নাগরিককে সচেতন হতে হবে। ভোট দেওয়া শুধু অধিকার নয়, এটি একটি নাগরিক দায়িত্ব।” তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান এবং যে কোনো অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজমুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, আড়াইহাজার, নারায়ণগঞ্জ এবং প্রশাসক, ফতেপুর ইউনিয়ন পরিষদ। তিনি বলেন, “বিআরডিবির সুফলভোগীরা গ্রামীণ উন্নয়নের অগ্রসৈনিক। তাদের মাধ্যমে নির্বাচন ও গণভোট সংক্রান্ত সঠিক তথ্য সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া সম্ভব।” তিনি নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় সভাপতিত্ব করেন জনাব সালাউদ্দিন আহমেদ ডালিম, সভাপতি, আড়াইহাজার ইউসিসিএ লিমিটেড। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “সচেতন ভোটারই সুষ্ঠু নির্বাচনের প্রধান শক্তি। এ ধরনের অবহিতকরণ সভা ভোটারদের দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
সভায় বিআরডিবির বিভিন্ন সমিতির সুফলভোগী সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনায় নির্বাচন আচরণ বিধি, ভোটারদের করণীয় ও বর্জনীয়, গণভোটের গুরুত্ব এবং ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে উত্তর দেন।
সভা শেষে উপস্থিত সকলকে ভোটদানে সক্রিয় অংশগ্রহণ এবং অন্যদের ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), আড়াইহাজার, নারায়ণগঞ্জ-এর আয়োজনে অনুষ্ঠিত এ সভা স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।