মো: আব্দুল গফুর সিকদার:
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে তিন দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এ কর্মসূচির উদ্বোধন হয়। পর্যায়ক্রমে ইউনিয়নের তিনটি স্থানে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে নারী, পুরুষ, শিশু ও বয়স্কসহ শত শত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
প্রথম দিন কোড়ালিয়া বাজারে, দ্বিতীয় দিন সিরাজগঞ্জ বাজারে এবং তৃতীয় ও শেষ দিন নতুন বাজারে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে চিকিৎসাসেবা কার্যক্রম।
ক্যাম্পে চিকিৎসাসেবা দেন এমবিবিএস চিকিৎসক ডা. নবীন যাদব ও ডা. সুষ্মিতা রাগবংশী। বিভিন্ন বয়সী মানুষের ব্যাপক উপস্থিতিতে প্রতিটি ক্যাম্প মুখর হয়ে ওঠে। চিকিৎসাসেবা নিতে স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। প্রত্যন্ত এলাকার অসচ্ছল ও সাধারণ মানুষের জন্য এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে।
দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও স্থানীয় বাসিন্দা মো. ফিরোজ মুন্সির ব্যক্তিগত উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
উদ্যোক্তা মো. ফিরোজ মুন্সি বলেন, ‘আমি সব সময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। আগামী দিনেও এ ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখতে চাই। আমি যদি ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ আরও বৃহৎ পরিসরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করব। পাশাপাশি এলাকার শিক্ষা, খেলাধুলা, রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসাসহ সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।’
স্থানীয় বাসিন্দা বিবি হালিমা খাতুন ও মো. রাকিব এ উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা বলেন, প্রত্যন্ত এলাকার দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাওয়ার সুযোগ তৈরি হওয়া অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ নিয়মিত চালু থাকলে সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ফিরোজ মুন্সি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করছেন। তাঁরা তাঁর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। পাশাপাশি তাঁকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তিনটি পৃথক স্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিটি ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগকে স্থানীয়রা মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম হিসেবে দেখছেন।