বিনোদন ডেস্ক:
দীপাবলির উৎসব ঘিরে ভারতে বায়ুদূষণ নিয়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে আতশবাজি পোড়ানোর পরিবর্তে পরিবেশবান্ধবভাবে উৎসব পালনের আহ্বান জানিয়েছেন বিনোদনজগতের কয়েকজন তারকা। সম্প্রতি অভিনেত্রী দিয়া মির্জার মাধ্যমে এ বিষয়ে একটি সচেতনতামূলক ভিডিওবার্তা প্রকাশ করেছিল বৃহন্মুম্বই পৌরসভা (বিএমসি)। পরে ভিডিওটি সরিয়ে নেওয়া হলে তা নিয়ে রাজনৈতিক মহলেও বিতর্ক শুরু হয়। এবার আতশবাজি পোড়ানোর বিরোধিতা করে সরব হয়েছেন অভিনেত্রী আলিয়া ভাটের মা সোনি রাজদান।
বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন সোনি রাজদান। সেখানে দীপাবলিতে আতশবাজি পোড়ানোর ক্ষতিকর দিক তুলে ধরার পাশাপাশি শিশুদের স্বাস্থ্যের ওপর বায়ুদূষণের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সোনি রাজদান বলেন, যেকোনো ছোট শিশুর অভিভাবকের সঙ্গে কথা বললেই বোঝা যাবে, বায়ুদূষণের কারণে তাদের সন্তানদের কতটা ভুগতে হচ্ছে। অসুস্থতার কারণে অনেক শিশু দিনের পর দিন স্কুলে যেতে পারছে না।
এরপরও যারা আতশবাজি পোড়ানোর পক্ষে যুক্তি দিচ্ছেন, তাদের সমালোচনা করেন তিনি। সোনি রাজদানের ভাষ্য, পরিবেশের বিষয়টি উপেক্ষা করে যারা আতশবাজি পোড়ানোকে সমর্থন করছেন, তারা দেশবিরোধী। এ বছর দীপাবলিতে অন্তত একটি বাজি পোড়ানোর পক্ষে কেউ অবস্থান নিলে তাঁকে জীবনবিরোধী, স্বাস্থ্যবিরোধী ও দেশবিরোধী বলেও মন্তব্য করেন তিনি।
নিজের ও সন্তানের স্বাস্থ্যের দায়িত্ব নিজেদেরই নিতে হবে উল্লেখ করে সোনি রাজদান বলেন, এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়।
দিয়া মির্জার ভিডিও ঘিরে বিতর্কের কয়েক দিন পর সোনি রাজদানের এ বক্তব্য সামনে এলো। ওই ভিডিওবার্তায় দিয়া মুম্বাইয়ের বাসিন্দাদের উদ্দেশে বলেন, উৎসবের আনন্দের পাশাপাশি পরিবেশ ও স্বাস্থ্যের বিষয়টিও বিবেচনায় রাখা জরুরি। আতশবাজি থেকে সৃষ্ট শব্দ ও বায়ুদূষণ সবার জন্য ক্ষতিকর। তাই শব্দের পরিবর্তে আনন্দের মধ্য দিয়ে দীপাবলি উদযাপনের আহ্বান জানান তিনি।
তবে পরে বৃহন্মুম্বই পৌরসভা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেয়। এ ঘটনা ঘিরেই বিতর্কের সূত্রপাত হয়।