দীর্ঘদিনের প্রেমিকার হাত ধরে নতুন জীবনে মিস্টার বিস্ট

বিনোদন ডেস্ক ::

বিশ্বখ্যাত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট খ্যাত জিমি ডোনাল্ডসন অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন। দীর্ঘদিনের প্রেমিকা ও দক্ষিণ আফ্রিকার কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনের সঙ্গে ঘর বাঁধলেন ২৮ বছর বয়সী এই জনপ্রিয় তারকা। জমকালো ভিডিও আর কোটি কোটি ডলারের প্রজেক্টের জন্য পরিচিত হলেও নিজের বিয়ের আয়োজন রেখেছেন একেবারেই ব্যক্তিগত ও সাদামাটা।

মঙ্গলবার (২১ জুলাই) ইনস্টাগ্রামে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে সুখবরটি জানান মিস্টার বিস্ট। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আমি ‘মিসেস বিস্ট’-কে খুঁজে পেয়েছি। এটি ছিল আমার জীবনের সেরা দিন।”

দুই পরিবারের সদস্য ও অতি ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে ব্যক্তিগত আয়োজনে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। কোনো জাঁকজমক বা প্রচার ছাড়াই নিজেদের জীবনের বিশেষ মুহূর্ত উদযাপন করেন এই তারকা দম্পতি।

বিয়ের সাজেও ছিল আভিজাত্যের সঙ্গে সরলতার মিশেল। থিয়া বয়সেন পরেছিলেন আইভরি ও নুড রঙের ফুল ও লেসের সূক্ষ্ম নকশায় তৈরি একটি আকর্ষণীয় গাউন। অন্যদিকে মিস্টার বিস্টের পরনে ছিল সাদা টাক্সেডো জ্যাকেট, সাদা শার্ট, কালো ট্রাউজার এবং কালো বো-টাই।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বাগদান সম্পন্ন করেছিলেন জিমি ও থিয়া।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম পিপল-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিস্টার বিস্ট জানিয়েছিলেন, তার বন্ধুরা ধারণা করেছিলেন তিনি হয়তো সুপার বোলের মতো বিশাল কোনো অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণভাবে বিয়ের প্রস্তাব দেবেন। তবে তিনি বরাবরই চেয়েছিলেন বিষয়টি একান্ত ব্যক্তিগত ও ঘনিষ্ঠ পরিবেশে রাখতে।

জিমি ও থিয়ার পরিচয় হয়েছিল দক্ষিণ আফ্রিকায় এক সাধারণ বন্ধুর মাধ্যমে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ থিয়ার সঙ্গে যোগাযোগ করেন মিস্টার বিস্ট। থিয়ার লেখা ‘The Marked Children’ বইটি পড়ার আগ্রহ প্রকাশ করেই শুরু হয়েছিল তাদের আলাপ। সেই পরিচয় ধীরে ধীরে রূপ নেয় ভালোবাসায়।

সম্পর্কের এক বছর পূর্ণ হওয়ার পর থিয়াকে বিয়ের প্রস্তাব দেন জিমি। তবে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান কগনিটিভ নিউরোসাইকোলজি বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন না করা পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত পিছিয়ে দেন তারা।

বিয়ের আগে এক সাক্ষাৎকারে থিয়া বলেছিলেন, “আমার মনে হয় আমরা মানসিকভাবে অনেক আগেই বিবাহিত। আমরা ভবিষ্যৎ, সন্তান এবং ৭০ বছর বয়সে একসঙ্গে কেমন থাকব—এসব নিয়েই কথা বলি। আনুষ্ঠানিক বিয়ে আমাদের সম্পর্কের আরেকটি ধাপ মাত্র।”

বিশ্বজুড়ে কোটি কোটি অনুসারীর প্রিয় এই ইউটিউবারের বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে। ভক্তরা নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন নবদম্পতিকে।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *